
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে চাপা পড়ে মো. আনোয়ার নামে এক পানি বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) দুপুর একটার দিকে আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. আনোয়ারকে (৫০) উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জিহাদ জানান, তার বাবা আব্দুল্লাহপুর মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন। শনিবার বেলা ১১টার দিকে পানি নিয়ে আড়তে যাওয়ার সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড় এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বসবাস করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




