
বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় সোমবার (১১ মে) সকাল ৯টায় শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৮৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া একিউআই স্কোর ১৫৬ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থান করছে ভারতের দিল্লি, ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।




