
রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির বিটিসিএম কলোনির একটি টিনশেড বাসা থেকে মোছা. মারজিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনা সম্পর্কে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ জানান, শনিবার বিকেলে কড়াইল বস্তির বিটিসিএম কলোনিতে আবুল খায়েরের টিনশেড দোতলা বাসা থেকে মারজিয়ার (৩১) মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতের স্বামী নয়ন সৌদি প্রবাসী। দুপুরে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারজিয়া নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের ভাতিজা মো. রনি জানান, তার চাচি বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। স্বামী বিদেশে থাকায় পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথা হতো। ঘটনার দিন মোবাইলে কথা-কাটাকাটির পর তিনি ঘরে গিয়ে ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
পরিবার সূত্রে জানা গেছে, মারজিয়ার গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া থানার ঢালারচর এলাকায়। তিনি বাহাদুর মোল্লার মেয়ে। বর্তমানে বনানীর কড়াইল বস্তির বিটিসিএম কলোনিতে আবুল খায়েরের ভাড়া বাসায় বসবাস করতেন। তার দুই ছেলে সন্তান রয়েছে।




