
রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মিরপুর ডেন্টাল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহাখালীর পুরাতন কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বোন রাশেদা বেগম জানান, তার ভাই রফিকুল ইসলাম রাতে মহাখালীর পুরাতন কাঁচাবাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুলের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ঘরবাড়ীয়া গ্রামে। রফিকুল ইসলাম আব্দুল রশিদের ছেলে। বর্তমানে তিনি মহাখালীর আইপিএস স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলির আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।




