
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর আনুমানিক বয়স ৫৫ বছর।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




