
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা ইউনিটের কমিটিতে ‘যৌনবিষয়ক সম্পাদক’ পদ দেওয়া হয়েছে দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, শাহ কামাল নামে একজনকে এতে পদায়ন করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত কমিটির ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, মো. শাহ কামাল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি সর্বপ্রথম (৩ মে, বিকেলে) পোস্ট করা হয়েছে। পোস্টটিতে তিনি নিজেই উল্লিখিত পদ পেয়েছেন বলে উল্লেখ করেছেন। এরপর থেকে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। মোছা. সাকিবা খাতুন নামে একটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করলে সেখানে নেটিজেনদের ব্যপক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।
তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২ মে রাতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদনসংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। প্রচারিত ছবিটির সঙ্গে অফিসিয়াল পেজে পোস্ট করা ছবিটি তুলনা করে শুধু এই পদ সম্পর্কিত অংশটি ছাড়া বাকি অংশ হুবহু মিল পাওয়া গেছে।
অর্থ্যাৎ, ছাত্রদলের কক্সবাজার জেলা ইউনিটের কমিটিতে ‘যৌনবিষয়ক সম্পাদক’ পদ দেওয়া ছবিটি সম্পাদিত। সংগঠনটির অফিসিয়াল পেজে প্রকাশিত কমিটিতে এ ধরনের কোনে পদ পাওয়া যায়নি।




