
‘ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় মুসলিমদের কবরে আগুন জ্বালিয়ে দিচ্ছে উগ্রবাদীরা!’ এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এতে ভারতেরই আরেকটি ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে।
ফেসবুকে ‘বিচিত্রা নিউজ’ নামে বাংলাদেশ থেকে পরিচালিত একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ২৮ সেকেন্ডের ভিডিওটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, ‘ব্রেকিং নিউজ, ভারতে বিজেপি ক্ষমতার এসেই মুসলিমদের ওপর শুরু করে দিয়েছে চরম নির্যাতন। নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে এবার লক্ষ্যবস্তু করা হচ্ছে মুসলিমদের কবরস্থান। মুসলিমদের কবরের মাটি খুঁড়ে ফেলছে এবং কবরের ভেতর পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এমন পৈশাচিক ঘটনা ভারতের বিভিন্ন প্রান্তের নিত্যদিনের চিত্র। এর পাশাপাশি অহরহ ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। কোথায় গিয়ে থামবে উগ্রবাদীদের এই তাণ্ডব? পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।’
প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি কবরে আগুন লাগিয়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে। ভিডিওটির শেষের দিকে বসতবাড়ি ভাঙচুরের ভিন্ন কিছু ফুটেজ দেখানো হয়। একই দাবিতে ভিডিও, ছবি এবং লেখা অর্ধশতাধিক পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট করতে দেখা গেছে।
তবে প্রচারিত ভিডিওটির বেশকিছু গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মুসলিম মিরর নামে দিল্লিভিত্তিক এক পত্রিকায় একটি সংবাদ পাওয়া যায়। এ ছাড়াও পত্রিকাটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চলতি বছরের ৪ মার্চে প্রকাশিত সংবাদটিতে জানানো হয়, উত্তর দিল্লির ওয়াজিরাবাদ মুসলিম কবরস্থানে গত ১ মার্চ ঘটনাটি ঘটে। আকাশ পন্ডিত তথা সত্যম পন্ডিত নামে একজন স্বঘোষিত হিন্দুত্ববাদ কর্মী ঘটনাটির নেতৃত্ব দেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় তিমারপুর পুলিশ একটি মামলাও নথিবদ্ধ করেছে।
অন্যদিকে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যম পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থ্যাৎ,‘ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় মুসলিমদের কবরে আগুন জ্বালিয়ে দিচ্ছে উগ্রবাদীরা!’ এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত কবরে আগুন দেওয়ার ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। মূলত চলতি বছরের মার্চের শুরুর দিকে ভারতের উত্তর দিল্লিতে ঘটে যাওয়া ভিন্ন একটি ঘটনার ভিডিও এটি।




