
‘ভারতে মুসলিমরা মসজিদে নামাজ আদায় করছে। হিন্দুরা মসজিদে ঢুকে ঢোল, বাঁশি বাজাচ্ছে। এই জুলুমের শেষ কোথায়?’ ‘আজ কোলকাতায় নামাজ চলাকালীন সময় কসাই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের লিডার মোদির সন্ত্রাসীরা ঢোল বাদ্য বাজিয়ে ঢুকে পড়ে স্থানীয় একটি মসজিদে, হে আল্লাহ আপনি রক্ষা করুন মুসলিম উম্মাহ ভাই এবং বোনদেরকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী কসাই-মোদির হাত থেকে।’ এ ধরনের ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ঐতিহাসিক জয় পেয়ে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়েছে। ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যটির একাধিক জেলায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এসব তথ্যের প্রবাহের মধ্যে অপতথ্য কিংবা মিথ্যা তথ্যও ছড়িয়ে পড়ছে।
প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, সামনে একজন ব্যক্তি নামাজরত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, তার পিছনে কয়েকজন বাদ্যযন্ত্র বাজাচ্ছে। পোস্টগুলোর ক্যাপশনে ঘটনাটি ভারতের দাবি করে জানানো হচ্ছে,‘পশ্চিমবঙ্গে হিন্দুরা মসজিদে ঢুকে ঢোল, বাঁশি বাজাচ্ছে। মসজিদে নামাজ চলাকালে কতিপয় উগ্র ধর্মীয় গোষ্ঠীর অনুসারীরা মসজিদের ভেতরে ঢুকে উচ্চ শব্দে ঢাক-ঢোল বাজিয়ে ইবাদতে বাধা সৃষ্টি করেছে।’
তবে ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে গত বছরের ১২ জুন তারিখে সামাজিকমাধ্যম টিকটকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে ভিডিওটি স্পষ্টভাবে মিলে যায়। পোস্টটির ক্যাপশনে জানানো হয়েছে, ভিডিওটি গশ্চি শাহী দরবার শরীফ নামে একটি মাজারের ভেতর থেকে ধারণ করা। মাজারটির অবস্থান গুগল ম্যাপে চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি ধরেরটেক এলাকায় বলে জানা গেছে। উল্লিখিত টিকটক অ্যাকাউন্টটি থেকে মাজারটির ভেতরের এ ধরনের আরও কিছু ভিডিও পোস্ট করতে দেখা গেছে।
অর্থ্যাৎ, ‘পশ্চিমবঙ্গে হিন্দুরা মসজিদে ঢুকে ঢোল-বাঁশি বাজাচ্ছে। মসজিদে নামাজ চলাকালে কতিপয় উগ্র ধর্মীয় গোষ্ঠীর অনুসারীরা মসজিদের ভেতরে ঢুকে উচ্চ শব্দে ঢাক-ঢোল বাজিয়ে ইবাদতে বাধা সৃষ্টি করেছে।’ এ ধরনের ক্যাপশনে প্রচারিত ভিডিওটি আসলে ভারতের পশ্চিমবঙ্গে নয়। মূলত বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি মুসলিম মাজারের ভিডিও এটি।




