
‘আলহামদুলিল্লাহ, আরও একটি হিন্দু ভাই মুসলমান হলো। ভারতের তামিলনাড়ুর এমপি থালাপতি বিজয় ভোটে জয় হয়ে হিন্দু থেকে মুসলমান ধর্মগ্রহণ করলেন।’ এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। এ ছাড়াও সংবাদমাধ্যম যমুনা টিভির সংবাদ ফটোকার্ড নকল করে একই দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ২০২৫ সালে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইফানস মম’ নামে একটি পেজ থেকে দাবিটি (৪ মে) সন্ধ্যায় পোস্ট করা হয়েছে। এতে সংবাদমাধ্যম যমুনা টিভির সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটিতে থালাপতি বিজয় প্রার্থনা বা মুনাজাত করছেন এমন একটি ছবি ব্যবহার করে নিচের অংশে দাবিটি বসানো হয়েছে। এতে শিরোনাম হিসেবে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেন।’ শিরোনামের নিচেই যমুনা টিভির লোগো এবং একটি রেফ্রিজারেটরের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।
অন্যদিকে ফটোকার্ডটি ছাড়াও তিনি ‘ভোটে জয় হয়ে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলেন’ ক্যাপশনে একাধিক পোস্ট করতে দেখা গেছে। ‘কিং মিহাদু’ নামে একটি পেজ থেকে দাবিটি পোস্ট করা হলে সেখানে ৯ শতাধিক প্রতিক্রিয়া আসতে দেখা যায়।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সংবাদমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল চ্যানেলগুলোতে সার্চ করে এ ধরনের কোনো সংবাদ বা পোস্ট পাওয়া যায়নি।
অন্যদিকে দাবিটির সাথে প্রচারিত ছবি এবং ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু ফ্রেম রিভার্স সার্চ করে ভারতের মুম্বাই থেকে পরিচালিত ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’ নামে একটি সংবাদমাধ্যমে ৭ মার্চ, ২০২৫ তারিখে প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়। এ ছাড়াও টুইটারে (বর্তমান এক্স) একই দিনে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়।
প্রকাশিত ভিডিও এবং সংবাদ সূত্রে জানা গেছে, প্রচারিত ঘটনাটি এক বছর আগের। রমজান উপলক্ষে অভিনেতা এবং তামিলাগা ভেটরি খাজাগামের বা (TVK) পার্টির নেতা থালাপতি বিজয় সেদিন চেন্নাইতে একটি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার দলের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সাদা পোশাক ও টুপি পরে সেদিন তিনি ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে নামাজও আদায় করেছিলেন।
অর্থ্যাৎ, ‘মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ইসলাম ধর্মগ্রহণ করেন।’ বা ‘ভারতের তামিলনাড়ুর এমপি থালাপতি বিজয় ভোটে জয় হয়ে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলেন।’ শিরোনামে প্রচারিত দাবিটি ভুয়া। যমুনা টিভিও এ ধরনের কোনো সংবাদ কিংবা ফটোকার্ড পোস্ট করেনি। মূলত পুরোনো একটি ইফতার পার্টিতে অংশগ্রহণের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হচ্ছে।




