
‘পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানকে সর্বোচ্চ সাহায্য করবে বলে জানিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন।’ এমন দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে দ্য ডেস্ক নিউজ নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় পোস্ট করা হয়। ফটোকার্ডটির ওপরের অংশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি ব্যবহার করে নিচের অংশে দাবিটি বসানো হয়েছে। উল্লিখিত পেজে পোস্টটিতে এ পর্যন্ত ১ হাজার ৭ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি অর্ধশতাধিক বার শেয়ার হতে দেখা গেছে।
এ ছাড়াও একই দাবিতে প্রচারিত অন্য পোস্টগুলোতেও দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের। যেমন—মো. মোস্তাকিম নামে একটি প্রোফাইল থেকে এ ধরনের একটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। সেখানে মো. শরিফুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, ‘ইরানের সবচাইতে বড় বন্ধু আছে রাশিয়া চীনের কোথাও না বললেও নয়।’ এ ছাড়াও মন্তব্যকারীদের ‘পুতিনের সিদ্ধান্তকে স্বাগত’ জানিয়ে মন্তব্য করেতে দেখা গেছে।
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে রাশিয়ার এ ধরনের কোনো সিদ্ধান্তের সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। এই উদ্যোগকে যুদ্ধ ঝুঁকি কমানোর একটি কূটনৈতিক সমাধান হিসেবে দেখছিল রাশিয়া। এ সম্পর্কিত সংবাদ দেখুন এখানে।
অর্থ্যাৎ, ‘পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানকে সর্বোচ্চ সাহায্য করবে বলে জানিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন।’ এমন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এধরনের কোনো ঘোষণা দেননি পুুতিন।




