
‘বেগম জিয়া বাহাত্তরের সংবিধান চাননি মানলাম। কিন্তু এর আগে এটাও ভাবতে হবে উনি আসলে সংবিধান কতটা জানতেন বা বুঝতেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটিতে সালাহউদ্দিন আহমদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করে ওপরের অংশে উল্লিখিত দাবিটি বসানো হয়েছে। ফটোকার্ডটি ‘অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী সমর্থক গোষ্ঠী’ নামে একটি গ্রুপে পোস্ট করা হলে সেখানে ২ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। এ ছাড়াও পোস্টটি ৭ শতাধিকবার শেয়ার করার পাশাপাশি ৮ শতাধিক মন্তব্য পড়েছে। মন্তব্যগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, বেশির ভাগই দাবিটি সত্য মনে সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন—মো. আব্দুস সামাদ নামে একজন মন্তব্য করেছেন, ‘বেয়াদবের একটা লেভেল থাকা দরকার। এটা কোন লেভেলের বেয়াদব। যে কিনা দলের চেয়ারম্যানকে বলে কিছু বুঝে না উনি।’
এ ছাড়াও ফটোকার্ডটি জামায়াত-সংশ্লিষ্ট একাধিক গ্রুপে পোস্ট করতে দেখা গেছে। এসব পোস্টে বেশির ভাগ নেটিজেনই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। যেমন— ‘ব্যারিস্টার শাহরিয়ার কবির ফ্যান ক্লাব’ নামে একটি গ্রুপে মরিয়ম খাতুন নামে একজন লিখেছেন, ‘এখন তো দেখা যাচ্ছে কদিন পর উনি বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এই কথা বলবে।’
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
অর্থ্যাৎ,‘বেগম জিয়া বাহাত্তরের সংবিধান চাননি মানলাম। কিন্তু এর আগে এটাও ভাবতে হবে উনি আসলে সংবিধান কতটা জানতেন বা বুঝতেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।




