‘বিদেশি মদসহ হাসনাত আব্দুল্লাহর বড় ভাইকে আটক করছে ডিবি’ এমন শিরোনাম লেখা একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। মূলত, সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনকে নকল করে পরিচালিত একটি স্যাটায়ার পেজের পোস্টকে সংবাদ ভেবে প্রচার করা হয়েছে এতে।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Janina Television’ নামে একটি পেজে হুবহু একটি ফটোকার্ড পোস্ট পাওয়া যায়। এতে পুলিশের গোয়েন্দা শাখা (DB)’র হাতে আটক একজনের ছবি ব্যবহার করে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বিদেশি মদসহ হাসনাত আব্দুল্লাহর বড় ভাইকে আটক করছে ডিবি’। ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটিতে আটককৃত ব্যক্তির সামনে বেশ কিছু মদের বোতল থাকতে দেখা যায়।
তবে প্রচারিত ফটোকার্ডের শিরোনাম বাদে শুধুমাত্র ছবি অংশটি ফোকাস করে সার্চ করলে, ‘দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১’ শিরোনামে একটি সংবাদ পাওয়া যায়। সংবাদসূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জে দারোয়ানের কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে।
দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ভাই আটক হওয়া সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, ‘বিদেশি মদসহ হাসনাত আব্দুল্লাহর বড় ভাইকে আটক করছে ডিবি’ শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো সংবাদের সত্যতা পাওয়া যায়নি।




