“জাইমা রহমানের পা ধরে গুপ্ত ছাত্রশিবিরকে ক্ষমা চাইতে হবে” জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডগুলোতে মিজানুর রহমান আজহারি এবং জাইমা রহমানের ছবি ব্যবহার করে উল্লিখিত দাবিটি পোস্ট করা হয়েছে। দাবিটি বিশ্বাস করে মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। যেমন: সম্পর্কিত একটি পোস্টে রণজিৎ রায় নামে একজন মন্তব্য করেছেন, ‘হুজুর আপনাকে ধন্যবাদ জানাই’।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আজহারির ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এসম্পর্কিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘জাইমা রহমানের পা ধরে গুপ্ত ছাত্রশিবিরকে ক্ষমা চাইতে হবে’ জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি।




