‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বসন্ত চলে এসেছে, জেগে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ।’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ানো হয়েছে। প্রচারিত ভিডিওটিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত স্লোগান দিতেও শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। একটি পোস্টে ভিডিওটি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মিছিল হিসেবেও দাবি করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ভিডিওটি মূলত চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিলের।
প্রচারিত ২৬ সেকেন্ডের ভিডিওটিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত স্লোগান দিতে শোনা যায়। এতে শোনা যাচ্ছে, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, লড়াই লড়াই চাই, লড়াই করে বাচঁতে চাই, এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’ ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে। এ ছাড়াও ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বসন্ত চলে এসেছে, জেগে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ।’
তবে ভিডিওটির বেশকিছু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে জামায়াত সংশ্লিষ্ট একাধিক পেজে স্পষ্ট এবং পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। যাচাইয়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে জামায়াত সংশ্লিষ্ট পেজে পোস্ট করা ভিডিওটি হুবহু মিল পাওয়া যায়। এ সম্পর্কিত ভিডিও পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর ক্যাপশন থেকে জানা গেছে, ভিডিওটি চট্টগ্রামের মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৯ ফেব্রুয়ারি মিরসরাই সদরে অনুষ্ঠিত হয় মিছিলটি।
যাচাইয়ে উভয় ভিডিওর মধ্যে শুধূমাত্র অডিও অংশে স্লোগানে পরিবর্তন ছাড়া বাদবাকি উপাদান হুবহু মিল থাকতে দেখা গেছে। অর্থ্যাৎ, আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটিতে জামায়াতের নির্বাচনি প্রচারণার মিছিলের ভিডিও থেকে অডিও অংশ সম্পাদনা করা হয়েছে।
সুতরাং, আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত জামায়াতের একজন প্রার্থীর নির্বাচনি প্রচারণার ভিডিও। ভিডিওটির অডিও অংশে সম্পাদনা করে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে।




