আইসিসির বোর্ড অব ডিরেক্টর হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ঘটনাটি সাম্প্রতিক দাবিতে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পক্ষে আইসিসির বোর্ডে ছিলেন তিনি।
প্রচারিত পোস্টগুলোতে দেখা যায়, আমিনুল ইসলাম বুলবুলের ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি সম্প্রতি আইসিসির বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য হয়েছেন। ক্রিকেটভিত্তিক একাধিক পেজ এবং সংবাদমাধ্যমেও ফটোকার্ড আকারে দাবিটি পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। যেমন: ‘স্পোর্টস অ্যাক্টিভিটিস উইদ দ্য ফ্যানস অব বাংলাদেশ’ নামে একটি পেজে দাবিটি পোস্ট করা হলে, সেখানে পারভেজ এলাহী নামে একজন মন্তব্য করেছেন, ‘আইসিসির মিটিংয়ে তামিমসহ বাপের দোয়া কমিটিকে তো আমিনুল ইসলাম বুলবুলকে স্যার বলতে হবে।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির ওয়েবসাইটে সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় আরও আগে থেকে আমিনুল ইসলাম বুলবুলের নাম থাকার প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটির ওয়েবসাইটের ‘অ্যাবাউট সেকশনে’ স্ট্রাকচার নামে পাতায় বোর্ড অব ডিরেক্টরদের নামের তালিকা পাওয়া যায়। উল্লিখিত অংশটিতে আনা পরিবর্তনগুলো যাচাই করতে পেজ লিংকটি কপি করে ইন্টারনেট আর্কাইভে পেস্ট করা হয়। এতে আর্কাইভ করা রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জুুলাই থেকে উল্লিখিত পাতায় আমিনুল ইসলামের নাম থাকতে দেখা গেছে।
অন্যদিকে, দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। সে হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান বোর্ড অব ডিরেক্টরসে থাকার কথা তামিম ইকবালের নাম। তবে আইসিসির ওয়েবসাইটে শুধু বাংলাদেশ নয় ভারত, শ্রীলঙ্কাসহ বেশির ভাগ দেশের ক্ষেত্রেই তথ্য আপডেট করা হয়নি।
অর্থ্যাৎ, আমিনুল ইসলাম বুলবুল আইসিসির বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য হওয়ার ঘটনাটি সাম্প্রতিক নয়। বরং ২০২৫ সালের জুলাই থেকে সেখানে তার নাম থাকার প্রমাণ পাওয়া গেছে। বিসিবি প্রধান হিসেবে আগেই আইসিসির বোর্ড ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন তিনি।




