দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী সমাজ। তারা ব্যবসা-বাণিজ্য এবং পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য একটি সুসংগঠিত ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা এখন অত্যাবশ্যক।
গতকাল বুধবার ঢাকা চেম্বার আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার আবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, উদ্যোক্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাসকীন আহমেদ বলেন, ‘যে ব্যবসায়ী প্রতিদিন নিজের কারখানা বা দোকান নিয়ে নিরাপত্তা-সংকটে থাকেন, যার পণ্য পরিবহনে ছিনতাইয়ের ভয় থাকে, অথবা যে ই-কমার্স উদ্যোক্তা প্রতারণার শিকার হয়ে দ্রুত প্রতিকার পান না, তিনি কখনোই বড় পরিসরে বা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী হতে পারেন না।’
তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত একটি সমন্বিত নীতিমালা ও বাস্তবধর্মী অ্যাকশন প্ল্যান প্রণয়ন, যাতে ব্যবসাবান্ধব আইনশৃঙ্খলা পরিবেশ নিশ্চিত হয়। এ লক্ষ্যে এ মতবিনিময় সভা একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে খোলামেলা আলোচনা ও বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করা হচ্ছে। তাসকীন আহমেদ আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ব্যবসায়িক কার্যক্রমে উদ্যোক্তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যেমন অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহনে ঝুঁকি, জালিয়াতি ও সাইবার হুমকি। এ সবকিছু কেবল বিনিয়োগ নিরুৎসাহিত করছে না, অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা স্থায়ীভাবে আস্থা হারিয়ে ফেলছেন।’
এ প্রেক্ষাপটে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের ন্যায্য প্রত্যাশা হলো তারা যেন নিরাপদে ও নির্বিঘ্নভাবে ব্যবসা করতে পারেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নগর প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।’



