
যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে নতুন করে ১৪ দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৩ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শিগগির পরিকল্পনাটি পর্যালোচনা করব। তবে আমি নিশ্চিত করতে পারছি না যে, এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা কতটুক হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ইরানিরা গত ৪৭ বছরে মানবজাতি এবং বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’
এদিকে ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তার মতে, ইরান যদি আচরণ খারাপ করে, হামলার সম্ভাবনা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দেখা যাক কী হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে রয়েছে। তেহরানও চুক্তি করতে চায়, কারণ তারা বিধ্বস্ত। তাদের নেতা কে, তা নির্ধারণে তারা হিমশিম খাচ্ছে। তারা জানেই না তাদের নেতা কে। এ সময় তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ‘বিদায় নিয়েছেন’ বলে স্মরণ করিয়ে দেন।




