
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। কারণ, ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হলেও সেই চুক্তি বা প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে না। এমনটাই জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা জাফার আসাদি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে জাফার আসাদি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমাণ বলছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হলে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে অসন্তুষ্ট। পাশাপাশি ইরানের সমালোচনাও করেন ট্রাম্প। এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানের এই জ্যেষ্ঠ কমান্ডার।
উভয় পক্ষের মধ্যে পুনরায় যদি সংঘাত বাঁধে, তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার ছক এঁকেছে ইরান। অর্থাৎ এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণ করার জন্য পূর্বে অব্যবহৃত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আর এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাইন বহনকারী ডলফিনও।
ডলফিনের পিঠে হারপুন বেঁধে ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শত্রু জাহাজে মাইন বহন করে আত্মঘাতী হামলা চালানোর প্রশিক্ষণও তাদের দেওয়া হয়েছে। আর এই কার্যক্রম ২০০০ সাল থেকে চালিয়ে আসছে ইরান। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে বিস্তৃত ফাইবার ক্যাবলগুলো বিচ্ছিন্ন করে ফেলার কথাও বিবেচনা করছে তেহরান।


-1778455118-16678_1778455263.webp)

