
লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ মে) ফ্লোরিডা অঙ্গরাজ্যের দ্য ভিলেজেস চার্টার স্কুলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ না করে ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘অকালে’ বা দ্রুত শেষ করছেন না।
তিনি বলেন, আমরা এখন অকালে চলে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চাই না, যাতে আগামী তিন বছর পর আবারও এই একই ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক আলোচনার প্রস্তাব নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা যে ধরণের চুক্তি প্রত্যাশা করছি, ইরান সেই ধরণের প্রস্তাব নিয়ে এগিয়ে আসছে না। তবে আমি বিশ্বাস করি, আমরা সঠিকভাবেই এই কাজ সম্পন্ন করতে পারব।
এদিকে ইরান এই যুদ্ধের স্থায়ী সমাধান এবং নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছে। ইরানি কর্মকর্তাদের মতে, গত এক বছরের মধ্যে তারা দুইবার বড় হামলার শিকার হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই।
তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করলে আলোচনার কোনো অগ্রগতি হবে না। তবে অবরোধ তুলে নেওয়া হলে তারা আলোচনার পথ আরও প্রসারিত করতে রাজি আছে।




