
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে চলমান যুদ্ধবিরতি যেকোনো মূল্যে বজায় রাখা জরুরি। একইসঙ্গে বিশ্ব অর্থনীতির স্বার্থে বন্ধ থাকা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ মে) জাতিসংঘে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ফু কং বলেন, হরমুজ প্রণালি যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া প্রয়োজন। যুদ্ধবিরতি কেবল অস্থায়ী এবং আবারও নতুন করে হামলা শুরু করা দরকার— সম্প্রতি এমন কিছু মন্তব্য শোনা যাচ্ছে যা নিয়ে চীন উদ্বিগ্ন।
তিনি বলেন, ইরানকে হরমুজ প্রণালির ওপর থেকে তাদের বিধিনিষেধ তুলে নিতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে তাদের নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধবিরতি বজায় রাখা। এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হতে হবে এবং উভয় পক্ষের মধ্যে সদিচ্ছার ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন।
এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার এবং পুনরায় যুদ্ধ শুরুর বিরুদ্ধে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত।
এই মাসে চীনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ট্রাম্প যখন চীন সফরে যাবেন, তখনও যদি হরমুজ প্রণালি বন্ধ থাকে তবে দ্বিপাক্ষিক আলোচনার এজেন্ডায় এই বিষয়টি শীর্ষে থাকবে।
ইরান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চীনের রাষ্ট্রদূত।
যুদ্ধ ও হামলার স্থায়ী অবসান চায় ইরান
অন্যদিকে, ইরান এই যুদ্ধের স্থায়ী সমাধান এবং নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছে। ইরানি কর্মকর্তাদের মতে, গত এক বছরের মধ্যে তারা দুইবার বড় হামলার শিকার হয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই।
তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করলে আলোচনার কোনো অগ্রগতি হবে না। তবে অবরোধ তুলে নেওয়া হলে তারা আলোচনার পথ আরও প্রসারিত করতে রাজি আছে।




