ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ থেকে এ অবরোধ শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর বিশ্ব বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বাজার হালনাগাদ তথ্যে দেখা গেছে, সোমবার লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে উন্নীত হয়েছে। একই চিত্র দেখা গেছে আন্তর্জাতিক বাজার মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রেও; এর দাম ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।
চলমান যুদ্ধের প্রভাবে গত কয়েক মাস ধরেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হমলা শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র ৭০ ডলারের কাছাকাছি। যুদ্ধের ভয়াবহতায় গত কয়েক সপ্তাহে এই দাম রেকর্ড ১১৯ ডলার পর্যন্ত স্পর্শ করেছিল।
পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনার খবরেও গত শুক্রবারও তেলের বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল। সে সময় জুন মাসে সরবরাহের জন্য বরাদ্দ ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল। তবে নতুন করে যুক্তরাষ্ট্রের অবরোধের সিদ্ধান্তে সেই স্বস্তি উধাও হয়ে বাজার আবারও অস্থির হয়ে উঠেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে অবরোধের বিষয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ ভালোভাবেই কার্যকর হবে। ইরান যাতে তেল বিক্রি করতে না পারে, সেজন্য অন্যান্য দেশগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।




