যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধের হুমকি দেওয়ার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি কোনো ‘ভুল পদক্ষেপ’ নেয়, তবে শত্রুদের জন্য এই প্রণালি মরণফাঁদে পরিণত হবে।
রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আইআরজিসির নৌ-কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকির মুখেও হরমুজ প্রণালি বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনীর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।
তারা সাফ জানিয়ে দিয়েছে, এই এলাকায় বিদেশি সামরিক শক্তির যে কোনো উসকানিমূলক পদক্ষেপ কঠোরভাবে দমন করা হবে।
এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন বর্তমানে লকড অ্যান্ড লোডেড (পুরোপুরি প্রস্তুত) অবস্থায় রয়েছে। আমাদের সামরিক বাহিনী ‘উপযুক্ত সময়ে’ ইরানকে শেষ করে দেবে।
হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া বিষয়ে অন্য এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ দিয়ে চলাচলে যে কোনো জাহাজ আটকানোর প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র চায় হরমুজ দিয়ে অবাধ চলাচলে সবাইকে অনুমতি দেওয়া হোক। ট্রাম্পের আশা, একটা সময় এই অবস্থায় পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।
হরমুজে ইরানকে টোল দেওয়া নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় (ইরানকে) যারা টোল দেবে তাদের খুঁজে বের করার জন্য। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
বিশ্বের খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে দুই দেশের এই বিরোধপূর্ণ অবস্থান কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।


-1778455118-16678_1778455263.webp)

