যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান। এবার আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে ইরানকে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৫ এপ্রিল ‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট-২০২৬’ নামে একটি আদেশ কার্যকর করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে তৃতীয় যে কোনো দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের ওপর দিয়ে সড়কপথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, এটি আন্তঃসীমান্ত বাণিজ্য সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। ইরান-পাকিস্তানের নতুন এই সিদ্ধান্তের কারণে বালুচিস্তানসহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
বাণিজ্য সহজ করতে পাকিস্তান ইতোমধ্যে ছয়টি নতুন ট্রানজিট রুট বা করিডোর চালুর ঘোষণা দিয়েছে। এই রুটগুলো পাকিস্তানের প্রধান বন্দর শহরগুলোকে ইরান সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ইরানে পণ্য পৌঁছানোর অতিরিক্ত রুটও অনুমোদন দিয়েছে পাকিস্তান।
এই উদ্যোগের মাধ্যমে ইসলামাবাদ মূলত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপন করতে চায়। এটি আফগানিস্তানের ওপর পাকিস্তানের চিরাচরিত নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করতেও সাহায্য করবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। যুদ্ধবিরতি আলোচনা পরিচালনার জন্য শুরু থেকেই দেশটির ওপর আস্থা রাখে যুক্তরাষ্ট্র এবং ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘প্রিয় ভাই’ বলেও সম্বোধন করেছেন।




