
যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধ শেষ করার জন্য একটি সংক্ষিপ্ত এবং কার্যকর সমঝোতা স্মারক সই করার দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। শান্তি আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (৬ মে) এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটাতে দুই পক্ষই এখন এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে কাজ করছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই সূত্রটি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা খুব শিগগির এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারব। আমরা লক্ষ্যমাত্রার একদম কাছাকাছি পৌঁছে গেছি।’
এর আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে একই ধরনের ইঙ্গিত দিয়েছিল। রয়টার্সকে দেওয়া পাকিস্তানি সূত্রের বক্তব্য অ্যাক্সিওসের দাবিকে আরও জোরালো করে তুলেছে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠত শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরান কেবল পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে। আর তা অবশ্যই ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ হতে হবে।
বুধবার বেইজিংয়ে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ও ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে আরাঘচির এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মহলে। এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর আরাঘচির এটিই প্রথম চীন সফর।




