পাকিস্তান সফর শেষে এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাঘচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা ইররান বরাতে জানিয়েছে, আরাঘচির এই সফরের একটি বিশেষ দিক ছিল তার বিমানের কলসাইন (সাংকেতিক নাম)। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত শিশুদের স্মরণে বিমানটির কলসাইন রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’।
আরাঘচির এই সফরের মধ্যে ভিয়েনায় নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ইরানের ওপর জোর খাটিয়ে বা সামরিক হুমকির মাধ্যমে কোনো সুফল আসবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উলিয়ানভ এক বার্তায় বলেন, আমেরিকা সবসময় শক্তির দাপট দেখিয়ে এবং কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনার টেবিলে বসতে চায়। কিন্তু ইরানের ক্ষেত্রে এই পুরোনো চাল একদমই অকার্যকর।
তিনি বর্তমান অচলাবস্থা কাটাতে ওয়াশিংটনকে তাদের অবস্থান থেকে ‘ব্ল্যাকমেইলিং’ বা ‘আলটিমেটাম’ দেওয়ার মানসিকতা পরিহার করার পরামর্শ দিয়েছেন।
রোববার ওমান সফর শেষ করে পাকিস্তানে পুনরায় সফর করেন আরাঘচি। ইসলামাবাদে উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রাশিয়ায় সফর করলেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধে রাশিয়ার সমর্থন তেহরানকে আরও শক্তিশালী করছে বলে ধারণা করছেন কূটনীতিকরা।




