ইসরায়েলের সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ। লেবাননের এ সংগঠনটি জানিয়েছে, তারা এক দিনে ইসরায়েলে ১২টি হামলা করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েল এবং সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলি সেনা ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। বিশেষ করে হাইফা শহরের পূর্বে কিরিয়াত আতা এলাকায় ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
লেবাননের এ সংগঠনটির দাবি অনুসারে, উত্তর ইসরায়েলের মেতুলা এবং মালকিয়া বসতিতে ইসরায়েলি সেনাদল ও সামরিক যান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহর সেনারা। পরে ইসরায়েলের ইয়ারুন এবং আল-মালকিয়া বসতিতেও রকেট হামলা করা হয়।
হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের কানতারা শহরের কাছে জনিজাল হিলে অবস্থানরত ইসরায়েলি সৈন্য ও যানবাহনের ওপর কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া আইতা আল-শাব শহরের নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।
লেবাননের এ সংগঠনটির দাবি, উত্তর ইসরায়েলের ইভেন মেনাচেম বসতিতে হিজবুল্লাহর সেনারা ড্রোন হামলা করেছে। মূলত, ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা রুখতে এবং অবকাঠামো ধ্বংস করতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

