লেবাননে শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই হামলায় ইন্দোনেশিয়ার তিন শান্তিরক্ষী নিহত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) ওপর গত মার্চের শেষের দিকে হামলা করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, লেবাননে শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ার তিন শান্তিরক্ষী নিহত হন।
এর আগে এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা নিহত শান্তিরক্ষীদের পরিবারের সদস্য এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, ওই ইসরায়েলি হামলায় আরও পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছেন। ইসরায়েল-লেবানন সীমান্তে ব্লু লাইন বরাবর শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলার বিষয়ে তদন্তের অনুরোধ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এ সময় শান্তিরক্ষীদের ঝুঁকির মুখে ফেলতে পারে এমন কাজ থেকে সব পক্ষকে বিরত থাকার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন এবং লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি জোরালো সমর্থন জানানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

