যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রত্যেক পদক্ষেপ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শত্রু দেশগুলোর যে কোনো সম্ভাব্য স্থল অভিযান রুখে দিতে তিনি এ আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামিকে এ নির্দেশনা দিতে দেখা যায়। অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে চলা এক বৈঠকে তিনি এ আদেশ দেন। তিনি বলেন, সম্ভাব্য স্থল অভিযান রুখে দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রত্যেকটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে হবে। ওই সময় শত্রু দেশগুলোর প্রতিটি পদক্ষেপ মুহূর্তের ভিত্তিতে পর্যবেক্ষণ করতে অপারেশনাল হেডকোয়ার্টারগুলোকে আদেশ দেন তিনি।
ইরানের সরকারি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে তাদের একজনকেও জীবিত রাখা হবে না।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আরও জানা যায়, হাতামি শত্রুর আক্রমণাত্মক কৌশল মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। এ সময় তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের আক্রমণের ধরন অনুযায়ী পাল্টা ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


-1778455118-16678_1778455263.webp)

