তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান যুদ্ধের জন্য মূলত ইসরায়েল সরকার দায়ী। চলমান এ বেআইনি যুদ্ধ সমগ্র মানবজাতির ওপর একটি অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব বিষয় জানান বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোয়ান তার নিজের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির সংসদীয় দলের সভায় বলেন, ইরানের বিরুদ্ধে এ বেআইনি যুদ্ধের জন্য মূলত ইসরায়েল সরকার দায়ী। এ যুদ্ধ কেবল আমাদের মধ্যপ্রাচ্য অঞ্চলকেই সংঘাতের কেন্দ্রে পরিণত করেনি, এটা সমগ্র মানবজাতির ওপর একটি অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে।
তিনি বলেন, এ বিষয়টি ভুলে যাওয়া যাবে না যে ইরান যুদ্ধে ঝরা প্রতিটি রক্তবিন্দু (ইসরায়েলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহুর রাজনৈতিক জীবনকে দীর্ঘায়িত করবে। এ সংঘাতের মাধ্যমে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকতে চান।
এরদোয়ান শান্তির আশা ব্যক্ত করে বলেন, আমাদের প্রত্যাশা- আর কোনো রক্তপাত ছাড়াই শান্তি প্রতিষ্ঠিত হবে। এর জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব, তা আমরা করব। শান্তি প্রতিষ্ঠায় যদি আমাদের ঝুঁকির মধ্যে পড়তে হয়, তবু আমরা পিছু হটব না।


-1778455118-16678_1778455263.webp)

