যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চুক্তি না হলে ইরানের সঙ্গে বোমা দিয়ে আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির সরকার তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত বোমাবর্ষণ অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৩১ মার্চ) পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে টাইম।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করেছেন ইরানি কর্মকর্তারা। কিন্তু, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, বাস্তবে আলোচনা হচ্ছে। চুক্তি না হলে ইরানের সঙ্গে বোমা দিয়ে আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আমরা মূলত ইরানকে এ বিষয়টি বোঝাতে চাই যে একটি চুক্তি হলে তা তাদের জন্য মঙ্গলজনক হবে।
হেগসেথের দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় কোনো বাধা ছাড়াই উড়ে বেড়াচ্ছে। যখনই ইরানি মিসাইল ও ড্রোন লঞ্চারগুলো সামনে আসছে, সেগুলোতে হামলা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো পরিদর্শন করেছেন। এরপর তিনি ফিরে এসে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ দলে রয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
হেগসেথ বলেন, ইরানের ওপর আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করতেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মেরিন সেনা ও ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সৈন্য মোতায়েন করা হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

