কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা করে ইরান। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কানা’ ও আনাদোলু এজেন্সি এ বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল সংস্থার মহাপরিচালক বলেন, কুয়েত এভিয়েশন ফুয়েলিং কোম্পানি পরিচালিত একটি জ্বালানি মজুতকেন্দ্রে ড্রোন হামলা চালায়। এতে বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রায়ই হামলা হচ্ছে। একইসময়ে বাহরাইন জানিয়েছে, তাদের একটি অবকাঠামোতে হামলা করেছে ইরান। এতে ওই স্থাপনায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

