মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদী হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ এবং ট্র্যাকিংয়ের ক্ষেত্রে মার্কিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো মূল ভূমিকা পালন করছে।
বিবৃতিতে বলা হয়, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রের এই প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আমাদের সামরিক অভিযানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’
আইআরজিসি আরও জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে এই অভিযান শুরু হতে পারে। তাদের তালিকায় বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপলসহ অন্তত ১৫টি বড় কোম্পানি রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে এই কোম্পানিগুলোর কার্যক্রম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই হুমকির ফলে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থানরত মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

