ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কমান্ডার ব্র্যাড কুপার। মঙ্গলবার (৩১ মার্চ) সেন্টকমের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার ইসরায়েল সফর করেছেন।
গত ২৯-৩০ মার্চ এই সফর অনুষ্ঠিত হয়। ওই সময় সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) চিফ অব স্টাফ ইয়াল জামিরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে জানান, ইরানের সীমানার বাইরে প্রভাব বিস্তারের সক্ষমতা নির্মূল করার লক্ষ্যে পরিচালিত সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে দুই সামরিক কমান্ডার আলোচনা করেছেন। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা অংশীদারিত্বের গুরুত্ব এবং সামরিক সমন্বয় অব্যাহত রাখার ওপর জোর দেন।
অঞ্চল ত্যাগের আগে কুপার 'অপারেশন এপিক ফিউরি'-তে নিয়োজিত মার্কিন সেনাদের বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে তিনি এই অভিযানের প্রথম কয়েক সপ্তাহে ‘অসাধারণ পারফরম্যান্সের’ স্বীকৃতিস্বরূপ ৪০ জনেরও বেশি সেনাকে পদক প্রদান করেন।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

