ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট সামাল দিতে মিশরে দোকান ও রেস্তোরাঁ বন্ধের আদেশ দিয়েছে দেশটির সরকার। এ ছাড়া রাস্তার বাতি কম বিদ্যুৎ দিয়ে অনুজ্জলভাবে জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মিশরের রাস্তাঘাট অন্ধকারে ডুবে গেছে। কারণ, জ্বালানি সাশ্রয়ে জন্য দেশটির সরকার রাত ৯টায় দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে।
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়। এরপর গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর রাস্তাঘাট অন্ধকারে ঢেকে গেছে।
মিশরীয় সরকারের প্রবর্তিত এই বিশেষ ব্যবস্থার মধ্যে রাস্তার বাতি এবং সড়কের পাশের বিজ্ঞাপন অনুজ্জলভাবে জ্বালানোর নির্দেশ রয়েছে। মূলত, কম বিদ্যুৎ খরচ করে এভাবে অনুজ্জলভাবে বাতি জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু মিশর নয় ,এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে প্রায় এক মাস ধরে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোল স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে।
করছাড়, জ্বালানির কোটায় শিথিলতা এবং খরচ কমানোর পদক্ষেপসহ উচ্চ জ্বালানি মূল্যের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে বিভিন্ন সরকার নানা ধরনের নীতি হাতে নিয়েছে।
ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
নাইজেরিয়া বড় তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের কোনো সরকার–মালিকানাধীন রিফাইনারিই চালু নেই।
ডাঙ্গোতে রিফাইনারি, যা একটি বেসরকারি প্রতিষ্ঠান—গত বছর চালু হওয়ার আগ পর্যন্ত দেশটি বছরের পর বছর আমদানি করা পরিশোধিত জ্বালানির ওপর নির্ভর করত। নতুন রিফাইনারি পাম্পে পেট্রোলের দাম কিছুটা কমাতে সাহায্য করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।
পরিবহন খরচ কমাতে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু সংকুচিত প্রাকৃতিক গ্যাসচালিত (সিএনজি) যানবাহনে রূপান্তর কিট এবং বৈদ্যুতিক যান (ইভি) সম্প্রসারণের পরিকল্পনা করছেন।
এতে বড় ও ছোটো রিফুয়েলিং স্টেশন, সমন্বিত রিফুয়েলিং ইউনিট, সিএনজিচালিত যানবাহন এবং রূপান্তর কর্মসূচিসহ সিএনজি অবকাঠামো স্থাপন যুক্ত থাকবে।
ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী আবি আহমেদ জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠান, সার্ভিস স্টেশন এবং ভোক্তাদের জ্বালানি সাশ্রয় করতে এবং জরুরি সেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।


-1778455118-16678_1778455263.webp)

