হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জেরে লেবাননে তিন লাখ ৭০ হাজারেরও বেশি শিশু তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এতে অন্তত ১২১ শিশু নিহত ও ৩৯৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি করসি।
শুক্রবার (২৭ মার্চ) ইউনিসেফের এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশসহ এর বাইরেও ব্যাপক হারে বাস্তুচ্যুতি এবং বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।
রয়টার্স ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে ইউনিসেফের প্রতিনিধি করসি বলেন, চলমান ইসরায়েলি হামলার কারণে গত তিন সপ্তাহে লেবাননে প্রতিদিন গড়ে ১৯ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মোট তিন লাখ ৭০ হাজারেরও বেশি শিশু তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। এ সময় ১২১ শিশু নিহত ও ৩৯৯ জন আহত হয়েছে।
এ বিষয়টির ব্যাপকতা বোঝাতে গিয়ে তিনি জানান, এটি প্রতি ২৪ ঘণ্টায় শত শত স্কুলবাসভর্তি শিশুদের জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার সমতুল্য।
মার্কোলুইজি করসি বলেন, এই সংকট এক মাসেরও কম সময়ে লেবাননের জনসংখ্যার প্রায় ২০ শতাংশকে বাস্তুচ্যুত করেছে। এর ফলে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


-1778455118-16678_1778455263.webp)

