অতর্কিত হামলায় ১০টি ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি দক্ষিণ লেবাননের তাইবেহ-কানতারা অক্ষ বরাবর তাদের বাহিনীর চালানো একটি জটিল ও সুপরিকল্পিত অতর্কিত হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। হিজবুল্লাহর দাবি এ সামরিক হামলায় এসব ট্যাংক ধ্বংস হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার তাইবেহর মহিসিবাত এলাকা এবং কানতারা শহরের মধ্যে হিজবুল্লাহর অবস্থান পর্যবেক্ষণের জন্য একটি দূরনিয়ন্ত্রিত বুলডোজার পাঠিয়েছিল। ইসরায়েলি বাহিনীকে অতর্কিত হামলায় প্রলুব্ধ করার জন্য যানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং এটিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার কানতারা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি ইসরায়েলি সাঁজোয়া ইউনিট মহিসিবাত থেকে কলাম আকারে এগিয়ে আসে। ওই সময় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সেনাদের ওপর গাইডেড মিসাইল নিক্ষেপ করে। তখন চারটি মারকাভা ট্যাংক এবং একটি ডি-৯ বুলডোজার ধ্বংস হয়। এছাড়া আরেকটি ইসরায়েলি সাঁজোয়া ইউনিটেও গাইডেড মিসাইল দিয়ে আঘাত করা হয়। এর ফলে বেশ কয়েকটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়।
একই সময়ে হিজবুল্লাহ জানায়, তাদের আর্টিলারি ইউনিটগুলো তাইবেহ প্রকল্প এলাকা, রাব থালাথিন এবং উদাইসেহতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা করেছে। এছাড়া হতাহতদের সরিয়ে নিতে পাঠানো অতিরিক্ত ইসরায়েলি সেনাদের ওপরও হামলা করেছে হিজবুল্লাহ।
সংগঠনটির বিবৃতি অনুসারে, পৃথক আরেকটি অতর্কিত হামলায় কানতারা অঞ্চলে একটি ডি-৯ বুলডোজার এবং দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে। ওই সময় বেঁচে থাকা ইসরায়েলি সেনারা পালিয়ে যায়।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের সামরিক অভিযান ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা ব্যর্থ করে দিয়েছে। এ সময় ১০টি ট্যাংক ও দুটি ডি-৯ বুলডোজার ধ্বংস হয়। গত ৪৮ ঘণ্টায় মোট ১৮টি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করা হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

