ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মিত্রদের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকরা এ ক্ষেত্রে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তারবার্তা অনুসারে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার বিদেশে থাকা মার্কিন কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং লেবানন-ভিত্তিক হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ইরানি হামলার উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে এই আহ্বান জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এই নির্দেশনাটি বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক ও কনস্যুলার পোস্টে পাঠানো হয়েছে। ওই তারবার্তাটি ১৬ মার্চ পাঠানো হয়।
এতে মার্কিন কূটনীতিকদের বলা হয়েছে, তারা যেন ২০ মার্চের মধ্যে সংশ্লিষ্টদের এ বার্তা পৌঁছে দেন। এতে আরও বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং লেবানন-ভিত্তিক হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য তদবিরের প্রচেষ্টা—ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করে করতে হবে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার ইরানে তার সামরিক অভিযানকে সমর্থন করার জন্য অনিচ্ছুক মিত্রদের একত্রিত করার চেষ্টা করছে। তবে এসব বন্ধুরাষ্ট্রকে মার্কিন-ইসরায়েলি হামলার বিষয়ে আগে অবহিত করা হয়নি।
ট্রাম্প মিত্রদের একত্রিত করার চেষ্টা করলেও—তার এ উদ্যোগ শুরুতেই সমস্যার মধ্যে পড়তে পারে। কারণ, আমেরিকার বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্র হরমুজ প্রণালির অবরোধ মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চাচ্ছে না। ট্রাম্প আমেরিকাকে সহায়তার যে আবেদন করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন অনেক মিত্র।


-1778455118-16678_1778455263.webp)

