ইরান যুদ্ধের মধ্যেই হাজার হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু, এ নৌযান পাঠানোর উদ্দেশ্যের বিষয়ে এখনও মুখ খোলেনি মার্কিন কর্মকর্তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মেরিন সেনা ও নাবিক বহনকারী একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের পথে মালাক্কা প্রণালির কাছাকাছি পৌঁছেছে। মঙ্গলবার সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে এ খবর জানা গেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং তেহরানের প্রতিশোধমূলক হামলার মধ্যেই এ ঘটনা ঘটল।
সিএনএনকে মার্কিন কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজটিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে এ জাহাজের প্রকৃত গন্তব্য বা উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি তারা।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

