হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এবং ইরানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে। ট্রাম্প ‘সাহস করলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন।
সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইরানের নৌশক্তি ধ্বংস হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে আইআরজিসির মুখপাত্র নাইনি বলেন, ট্রাম্প তো বলছেন যে তিনি ইরানি নৌবাহিনী ধ্বংস করেছেন? তাই যদি তিনি সাহস করেন, তাহলে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে তার জাহাজ পাঠাতে পারেন।
তিনি দাবি করেন, ইরান এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র ও তিন হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।
নাইনি জোর দিয়ে বলেন, যুদ্ধ তখন শেষ হয়ে যাবে, যখন ‘শত্রুরা’ ইরানের সামরিক ও সামাজিক প্রতিরোধ শক্তির স্বীকৃতি দেবে। আমরা আক্রমণকারীকে শাস্তি দিতে চাই । শত্রুর ওপর আমরা ব্যাপক ধ্বংসাত্মক আক্রমণ চালিয়ে যেতে চাই।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এ ছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

