ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এসব আগুন লাগে।
রোববার ( ১৫ মার্চ) আনাদোলু এজেন্সি ও ইসরায়েলি গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ার পর মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আগুন লেগেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, উদ্ধারকারীদেরকে হোলন, রিশন লেজিওন ও বেনি ব্রাক শহরে পাঠানো হয়েছে।
বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশ মধ্য ইসরায়েলে পড়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগ ‘ম্যাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের আকাশ প্রতিরক্ষ ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে কাজ করছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এ ছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

