ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, আমেরিকান সৈন্যদের রক্তপাতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ইরানি ভূখণ্ডকে লক্ষ্য করে যে কোনো আক্রমণের কঠোর জবাব দেবে তেহরান।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য করেন।
বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি দ্বীপপুঞ্জে যে কোনো মার্কিন হামলা দেশটির সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে দিবে। তখন আক্রমণকারী আগ্রাসী শক্তিকে কঠোর জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের দেশের জন্য আমরা মৃত্যুবরণ করতে প্রস্তুত। আমরা আক্রমণকারীদের রক্ত দিয়ে পারস্য উপসাগরকে রঙিন করে ফেলবো। ইরানি ভূখণ্ডকে লক্ষ্য করে যে কোনো আক্রমণের কঠোর জবাব দেবে তেহরান।
বাঘের কালিবাফ হুমকি দিয়ে বলেন, আমেরিকান সৈন্যদের রক্তপাতের জন্য ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১,৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১১ মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে , তাদের অভিযানে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

