ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের সদর দপ্তরে ড্রোন হামলা করেছে ইরান। এছাড়া দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতেও আক্রমণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ইরান জানিয়েছে, ইসরায়েলি বিমানঘাঁটি ও গোয়েন্দা সংস্থা শিনবেতের সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরানি সেনারা।
ইরানের সেনাবাহিনীও এ বিষয়টি নিশ্চিত করেছে। ইরানি গণমাধ্যম ইরনা জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত ইয়াভনে শহরের পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
অপরদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় মোট ১৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরাকের বসরা শহরের কাছে উম্ম কাসর বন্দরের আশপাশে আরও দুটি জাহাজে হামলা করা হয়।
ইরাকের বন্দর পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার প্রধান জানান, এ হামলায় একজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।
এদিকে কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের এ সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা আরেকটি ঘটনার কথা জানিয়েছে।
সংস্থাটি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলির উত্তরে একটি কনটেইনার জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় জাহাজে আগুন লেগে যায়। অন্ধকারের কারণে জাহাজটির ক্ষয়ক্ষতির সম্পূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।


-1778455118-16678_1778455263.webp)

