যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, আমেরিকানরা মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। এ ছাড়া তিনি মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প প্রশাসনের কাছে জবাব দাবি করেছেন।
বুধবার (১১ মার্চ) তিনি এসব কথা বলেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
সিনেটে বক্তব্য রাখতে গিয়ে চাক শুমার বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত (ইরান যুদ্ধে) ১৪০ জন আমেরিকান সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন গুরুতর আহত। এ ছাড়া আরও আট মার্কিন সেনা কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে (যুদ্ধের কারণে) হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭০ জন প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে।
চাক শুমার বলেন, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন অভিযানের ফলেই হয়তো এসব ঘটনা সংঘটিত হয়েছে। ওই ইরানি স্কুলে কী ঘটেছিল এবং কেন এত বেসামরিক নাগরিক নিহত হয়েছিল, তার ‘পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীন’ তদন্তের দাবি করছি।
তিনি বলেন, এ যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। এ যুদ্ধই মূলত অর্থনৈতিক উদ্বেগের কারণ। এখন আমেরিকানরা এ সংঘাতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
চাক শুমার আরও বলেন, এ যুদ্ধের কারণে গ্যাসের দাম বাড়ছে। বৈশ্বিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং বিশৃঙ্খলা বেড়েছে। এ সংঘাতে হতাহতের সংখ্যা বাড়ছে এবং শত্রুতার সৃষ্টি হচ্ছে। তারপরও কেন এ যুদ্ধ চলছে।
তিনি আরও বলেন, এখন আমেরিকানরা খুব সহজ একটি প্রশ্ন জিজ্ঞাসা করছে, কেন যুক্তরাষ্ট্র এ যুদ্ধে লিপ্ত? আমেরিকানরা তো এ যুদ্ধ চায় না। তারা তো কোনো হানাহানি চায়নি।


-1778455118-16678_1778455263.webp)

