ইরানে ধর্মীয় নেতার শাসন মেনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ মার্চ) ফোনে সিএনএনকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানের নেতৃত্ব ইস্যুতে ট্রাম্প বলেন, একজন ধর্মীয় নেতা ইরান পরিচালনা করলে তার কোনো আপত্তি নেই। তবে ওই নেতাকে ন্যায্য ও ন্যায়পরায়ণ হতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখতে হবে।
সিএনএনকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। আমেরিকা এখন দেশটির নতুন নেতৃত্বে কে আসে সে বিষয়টি নিয়ে ভাবছে।
ইরান এখন দুর্বল মন্তব্য করে তিনি বলেন, ইরান এক সপ্তাহ আগের শক্তিশালী দেশ নেই। এক সপ্তাহ আগে তারা শক্তিশালী ছিল, এখন তাদের দুর্বল করে ফেলা হয়েছে।
ট্রাম্প বলেন, আমরা তাদের নৌবাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছি। তারা এখন যা ইচ্ছা তাই করতে পারবে না। তাদের নৌবাহিনীর প্রায় ২৫টি জাহাজ ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইরানের নেতৃত্বের জন্য তিনজন প্রার্থীর নাম বিবেচনা করা হচ্ছে। কোনো ধর্মীয় নেতা ইরান পরিচালনা করলে তার কোনো আপত্তি নেই। তিনি কোনো ধর্মীয় ব্যক্তিত্বের ক্ষমতা গ্রহণের বিরোধিতা করবেন না।


-1778455118-16678_1778455263.webp)

