ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে একজন তুর্কি কর্মকর্তা বুধবার (০৪ মার্চ) এএফপিকে বলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু তুরস্ক নয়।
প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘লক্ষ্যবস্তু তুরস্ক ছিল না’। তবে এ মারণাস্ত্র তুর্কি আকাশসীমা দিয়ে অগ্রসর হচ্ছিল। এরপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে এটি গ্রিক সাইপ্রাসের একটি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু পরে এটি পথভ্রষ্ট হয়েছিল।
এর আগে এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’
এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’
মোহাম্মদ মোখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।’


-1778455118-16678_1778455263.webp)

