ইরানের ওপর হামলার বিরোধিতা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়টি জানিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে ওয়াং ই ফোনে বলেছেন যে চীন ইরানের ওপর সামরিক হামলার বিরোধিতা করে।
তেহরানের ঘনিষ্ঠ মিত্র বেইজিং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একইসঙ্গে খামেনিকে হত্যার বিষয়টিকে ‘গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন।
সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই সরাসরি নিন্দা করা থেকে বিরত থাকেন। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ইরান-মার্কিন আলোচনা স্পষ্ট অগ্রগতি অর্জন করেছিল। এমন সময়ে যুদ্ধ শুরু করায় কূটনৈতিক সংলাপের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আক্রমণের বিরোধিতা করে ওয়াং ই বলেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং এতে কেবল নতুন সমস্যা সৃষ্টি হয়। এ হামলা গুরুতর পরিণতি বয়ে আনবে। সামরিক সংঘাত আরও ছড়িয়ে পড়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করার জন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

