যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র শক্তি এখনও ব্যবহৃত হয়নি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৫ এপ্রিল) আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও ‘অব্যবহৃত’ রয়ে গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। বর্তমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি অংশ ব্যবহার করা হয়েছে।
ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক জানান, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ এখনও যুদ্ধের ময়দানে নামানো হয়নি। পুরো যুদ্ধজুড়ে ইরানি বাহিনী নিজেদের আধিপত্য বজায় রেখেছে বলে দাবি করেন তিনি।
রেজা তালাই-নিক বলেন, আমাদের বাহিনী জায়নিস্ট (ইসরায়েল) নিয়ন্ত্রিত এলাকাগুলোর ওপর পূর্ণ আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিগত ৪০ দিনের যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি অংশ ব্যবহার করা হয়েছে।
নৌ-যুদ্ধের বিষয়ে তিনি দাবি করেন, ওমান সাগরে ইরানি বাহিনীর কঠোর পদক্ষেপের মুখে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলো বারবার পিছু হটে শত শত কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চালানো মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

