যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত। কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন সেনাবাহিনী তাদের সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে।
তিনি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা এখন পুরোপুরি রণসজ্জিত হয়ে আছি। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টিকে রসদ পুনর্সংগ্রহের কাজে লাগিয়েছি; সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।
ট্রাম্প বলেন, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমরা সামরিক অভিযান চালাতে প্রস্তুত। আমাদের সামরিক বাহিনী যুদ্ধের মাঠে নামার জন্য মুখিয়ে আছে।
এর আগে ইন্ডিপেডেন্ট ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। আলোচনা ব্যর্থ হলে তিনি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হতে পারে।’
দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার পর এই কঠোর বার্তা দিলেন ট্রাম্প। সম্প্রতি দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক প্রতিশ্রুতি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো উল্লেখযোগ্য সমাধান আসেনি। এই অচলাবস্থার কারণেই বুধবারের সময়সীমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এর আগে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমাদের লেনদেন বা চুক্তি ১০০ ভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।


-1778455118-16678_1778455263.webp)

