যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার ‘হুমকি’ দিলেও তাদের নৌ অবরোধ ভেঙেছে একটি ইরানি তেলবাহী জাহাজ। গত রাতে ওই তেলবাহী ট্যাংকার জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মেহর নিউজ এজেন্সির বরাতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নৌ টাস্কফোর্সের একাধিক সতর্কতা ও হুমকি সত্ত্বেও ইরানি তেলবাহী জাহাজ ‘সিলি সিটি’ গত রাতে আরব সাগর অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে।
এই অভিযানে তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ইরানি নৌবাহিনী সরাসরি অপারেশনাল সহায়তা প্রদান করেছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলবাহী জাহাজটি সফলভাবে নিরাপদ জলসীমায় পৌঁছানোর পর বর্তমানে ইরানের দক্ষিণের এক বন্দরে নোঙর করে অবস্থান করছে।
এর আগে আমেরিকান সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব উপকূলীয় এলাকা ও বন্দরের ক্ষেত্রে নৌ অবরোধ আরোপ করা হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না বলে ওয়াশিংটন আশ্বস্ত করেছে।
এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

