যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু বলে আমি মনে করছি। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। খবর সিএনএনের।
টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।
চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তার মতে, একটি বাজে চুক্তিতে সই করতে তিনি ব্যস্ত হবেন না।
নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পুনরায় যুদ্ধ শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু বলে আমি মনে করছি।
এদিকে আজ ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ও পারমাণবিক ইস্যুতে আজকেই চুক্তি স্বাক্ষরিত হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘আজই’ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক কোন সময়সীমার কথা বলছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। কারণ, বার্টিরোমোর সঙ্গে ফোনকলটি কখন হয়েছিল, সেটিও পরিষ্কার নয়।
এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছেন। কিন্তু জেডি ভ্যান্সের ইসলামাবাদে সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। তারা বলেছেন, এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন ভ্যান্স। তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হননি।


-1778455118-16678_1778455263.webp)

